
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন উপাচার্যপন্থি ছাত্ররা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-সাংবাদিকসহ কমপক্ষে ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের জাবি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মির্জা তাসলিমা, অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদও রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে উপাচার্য বাসভবনের সামনে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। আর এর পাশেই অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে এর আগে সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসে তার বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা। এ ঘটনার জের ধরে সোমবার রাতে মুখোমুখি অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী ও উপাচার্যপন্থি শিক্ষক-কর্মকর্তারা।



