
কুমিল্লায় শানু বেগম নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ভোরে জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত শানু বেগম ওই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ভোরে শানু বেগম (৪৫) তেলের পিঠা তৈরি করছিলেন। এ সময় শানু বেগমের রান্নাঘরে প্রবেশ করে প্রতিবেশী দেলোয়ার হোসেন। ভোরে প্রতিবেশীর ঘরে যাওয়ার কারণ জানতে চাইলে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে শানু বেগমকে বটি দিয়ে গলায় আঘাত করে ঘর থেকে পালিয়ে যায় দেলোয়ার। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনায় জড়িত দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘাতক দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।



