
বঙ্গোপসাগরে দানা বাঁধতে চলেছে ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আন্দামানুনিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ দানা বেঁধে গভীর হতে চলেছে। বুধবার রাতের দিকে সেটি পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। এর নামকরণ করা হতে পারে ‘বুলবুল’।
আপাতত লঘুচাপটি বাংলাদেশের খেপুপাড়া থেকে ৯৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে। এর প্রভাবে শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তাল হবে সমুদ্র। মত্স্যজীবীদের তাই বৃহস্পতিবার থেকেই সমুদ্রে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। তবে গতিবেগ বাড়ারও সম্ভাবনা রয়েছে। আগামী ৩৬ ঘণ্টায় উত্তাল থাকবে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর।
এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে সতর্ক করা হয়েছে।



