
কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর না দিয়ে বিকল্পভাবে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন টিআইবির পরিচালক ইফতেখারুজ্জামান।
বুধবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘কার্বন বিপর্যয়ের মুখে বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন ইফতেখারুজ্জামান। এ সময় কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জোর দাবি জানান, উপস্থিত বক্তারা।
সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘কার্বন বিপর্যয়ের মুখে বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে মার্কেট ফোর্সেস ও থ্রি-ফিফটি নামের দুটি সংগঠন। এর সহ-প্রকাশক ছিল বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও ওয়াটারকিপার্স বাংলাদেশ।
এতে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম- উল্লেখ করে টিআইবির পরিচালক বলেন, কয়লার ভয়াবহতার কথা চিন্তা করেই বিনিয়োগকারীরা নিজে দেশ থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো সরিয়ে বাংলাদেশে বিনিয়োগ করছে।
এ সময় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ না করলে আগামীতে দেশকে কঠিন বিপর্যয়ের সম্মুখীন হতে হবে বলে মনে করছেন বক্তারা।
এ সময় ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থের দ্বন্দ্ব ভুলে দেশের স্বার্থে সিদ্ধান্ত নেয়ারও দাবি জানান বক্তারা।



