প্রায় ৬ মাস পানিবন্দি থাকে বেলবান ও রুদ্রবানা গ্রাম

বর্ষা এলেই পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বেলবান ও রুদ্রবানা গ্রামের কয়েক হাজার মানুষ। প্রতিবছর বর্ষা মৌসুমের শুরু থেকে বছরের প্রায় ৬ মাস পানিবন্দি থাকেন এই ২ গ্রামের মানুষ।
মধুমতি নদীর তীর ঘেঁষা গ্রাম দু’টিতে, একটু বৃষ্টি হলেই ভূমি বিচ্ছিন্ন দ্বীপে রুপান্তরিত হয়। গ্রাম দু’টিতে প্রবেশের একটিমাত্র সড়ক ও ১টি ব্রিজ থাকলেও, বৃষ্টির পানিতে তলিয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়েন এলাকাবাসী।
চারদিকে যতদুর চোখ যায় শুধু পানি আর পানি। চারপাশে থৈ-থৈ পানির মাঝে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বেলবান ও রুদ্রবানা গ্রামের ৪শ ৩০টি পরিবারের ঘরগুলো, কেবল মাথা তুলে দাঁড়িয়ে থাকে।
পার্শ্ববর্তী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে নৌকা, ডোঙ্গা অথবা কলাগাছের ভেলাই ভরসা। অসুস্থ্য রোগী নিয়ে পড়তে হয় সীমাহীন দুর্ভোগে।
গ্রামের প্রবেশ পথে একটি ব্রিজ থাকলেও ব্রিজের দু’পাশের সংযোগ সড়ক বেশী নিঁচু হওয়ায়, সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাটি।
ব্রীজের দু’পাশের সংযোগ সড়ক ভেসে যাওয়ায়, ভূমি বিচ্ছিন্ন ওই ব্রীজটি অকেজো অবস্থায় দাঁড়িয়ে থাকে। গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায়, যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামের মানুষদের বর্ষার পানির সাথে যুদ্ধ করেই বেঁচে থাকতে হয়।
এদিকে, দ্রুত সংযোগ সেতু ও রাস্তা সংস্কারের আশ্বাস দিলেন, আলফাডাঙ্গার উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।
দ্রুত সেতু ও সড়কটি সংস্কার করে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করার দাবি এলাকাবাসীর।
মোস্তাফিজুর রহমান, বোয়ালমারী ও আলফাডাঙ্গা প্রতিনিধি



