এস আইয়ের বিরুদ্ধে নববধুকে মারপিটের অভিযোগ

প্রেমিকের বিরুদ্ধে দায়ের করা মামলা পুলিশকে না জানিয়ে, পারিবারিকভাবে মিমাংসা করে বিয়ে করায়, মনিরা আকতার নামে এক নববধুকে মারপিটের অভিযোগ উঠেছে বগুড়ার গাবতলি থানার এস আই রিপন মিয়ার বিরুদ্ধে।
বর্তমানে আহত নববধু বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর পুলিশ সুপার বলছেন, এসআই রিপন মিয়াকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
গাবতলি উপজেলার খুপি আগের পাড়া গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে মনিরা আকতার। খুপি মধ্যপাড়ার আব্দুল খালেকের ছেলে ইমরান হোসেন সুইটের সঙ্গে প্রায় ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিলো।
দু’জনের মধ্যে বিয়ের বিষয় নিয়ে ভুলবোঝাবুঝির কারণে মনিরার মা বাদী হয়ে ইমরানের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই ঘটনার তদন্ত কর্মকর্তা রিপন মিয়া ইমরান হোসেনকে গ্রেফতার করে।
গত মাসে তাদের পারিবারিক সমঝোতায় ৩১ অক্টোবর ইমরান জামিনে মুক্ত হয়। পয়লা নভেম্বর মনিরা ও ইমরানের বিয়ে হয়। গত রোববার রাতে তদন্ত কমকর্তাসহ ৪পুলিশ ইমরানের বাড়িতে যান। এসময় ইমরান পুলিশের ভয়ে পালিয়ে গেলে তারা দরজা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে।
পরে মামলার তদন্ত কর্মকর্তা মনিরার কাছে জানতে চায়, কেন পুলিশকে না জানিয়ে আপোষ করে তারা বিয়ে করেছে। এসময় ১০ হাজার টাকা দাবি করে না পাওয়ায় মনিরাকে মারধর করেন এসআই রিপন।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
অমানবিক এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত এসআইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নির্যাতিতার পরিবারসহ স্থানীয়রা।
তানিয়া ইসলাম, বগুড়া প্রতিনিধি



