কোলকাতায় বাংলাদেশ বইমেলায় নাবিলের ‘মহারাজা তোমারে সেলাম’

পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার মোহরকুঞ্জে গত পহেলা নভেম্বর দশ দিন ব্যাপী শুরু হয়েছে নবম বাংলাদেশ বইমেলা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসাবে শুক্রবার এমেলার উদ্বোধন করেন।
বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশজ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহায়তায় ডেপুটি হাইকমিশন কোলকাতায় এ মেলার আয়োজন করে। এবারের মেলায় বাংলাদেশের সৃজনশীল শীর্ষ স্থানীয় প্রকাশনা সংস্থার ৮০টি স্টল অংশ নিয়েছে।
মেলায় পাওয়া যাচ্ছে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র কর্মের ওপর মুহাম্মাদ আলতামিশ নাবিল রচিত গবেষণা গ্রন্থ ‘মহারাজা তোমারে সেলাম। বইটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের কবি প্রকাশনী থেকে এবং পাওয়া যাচ্ছে মেলার ১৫ নং স্টলে।
বইটি প্রসঙ্গে আলতামিশ নাবিল বলেন, সত্যজিৎ রায়ের সাথে আমার পরিচয় ছোট বেলায়, সেই ডিডি বাংলায় ‘হীরক রাজার দেশে’ দেখার মাধ্যমে। ইতিহাস, সাহিত্য, রম্য, রোমাঞ্চ, ভ্রমণ, ফ্যান্টাসি কী নেই সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে?
কিন্তু এইচডি, ব্লুরের ফাঁক গলে সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্রগুলো এখন তরুণ প্রজন্মের কাছে কতটুকু পৌঁছাচ্ছে তা নিয়ে আমার বিস্তর সন্দেহ আছে।
‘মহারাজা তোমারে সেলাম’ বইটি লেখার মুখ্য উদ্দেশ্য, সত্যজিৎ রায়ের চলচ্চিত্র রস আস্বাদনের দিকগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।
‘চলচ্চিত্র পরিচালকের বাইরে তিনি একজন লেখক, চিত্র নাট্যকার, সাহিত্যিক, সঙ্গীত পরিচালক ও গীতিকার। তবে আমার লেখা বইটিতে মূলত সত্যজিৎ’র চলচ্চিত্র পরিচালনার দিকটিকে আলোকপাত করা হয়েছে’, যোগ করেন তরুণ এই লেখক।
আলতামিশ নাবিল নিয়মিত লেখালেখি ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বর্তমানে কর্মরত আছেন ডিজিটাল সার্ভিস বিশেষজ্ঞ হিসেবে একটি বহুজাতিক কোম্পানিতে।
এটি তার প্রকাশিত প্রথম বই। বর্তমানে তিনি বিশ্ব চলচ্চিত্র ইতিহাস-অগ্রগতি নিয়ে নতুন একটি বই লেখার কাজে ব্যস্ত সময়পার করছেন। বইটির নাম দেয়া হয়েছে ‘লুমিয়ের থেকে হীরা লাল’ যা প্রকাশিত হচ্ছে আগামী একুশে বই মেলায়।



