
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
মামলার অন্য দুই আসামি ছিলেন- দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান।
বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সাধারণ সম্পাদক গৌতম কুমার এদবর। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি খারিজ করে দেন।
বাদীর অভিযোগ, নঈম নিজাম ও পীর হাবিবুর রহমান একটি বিতর্কিত উপ-সম্পাদকীয় পত্রিকায় প্রকাশ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। আর এটি লিখেছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি দাবি করেন, আসামিরা সুকৌশলে বাংলাদেশে ধর্মীয় সংঘাত ও সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির অসৎ উদ্দেশ্যে লেখাটি প্রকাশ করে দণ্ডবিধির ২৯৫ (ক)/৩৪ ধারায় অপরাধ করেছেন।
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘মুসলমানরা গরু খাওয়া শিখলো কিভাবে?’ শিরোনামে একটি উপ-সম্পাদকীয় প্রকাশিত হয়। (সূত্র : ডিবিসি টিভি ও সময় টিভি)
নূর / বাংলা টিভি



