সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীকে পুরস্কার দেবে রোম দূতাবাস

২০১৪ সাল থেকে ২০১৯ সালের ৭ নভেম্বর পর্যন্ত পাসপোর্ট জমা ও প্রদান এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের পুরস্কার প্রদান বিষয়ে, একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস রোম ইতালি।
দূতাবাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, বাংলাদেশ দুতাবাস প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীকে পুরস্কারও দেবে রোম দূতাবাস।
মৌলবাদী একটি চক্রের অপপ্রচারে, রোম দূতাবাসে ১০ হাজার পাসপোর্ট আটকে আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার জবাবে কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার পর্যন্ত ২,৭০২টি পাসপোর্ট পেন্ডিং রয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে দূতাবাস কর্মকর্তারা জানান, দূতাবাসে অনাহত ব্যক্তির আনাগোনা কঠোরভাবে রোধ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যক্তি ছাড়া কনস্যুলার সেকশনে তাদের প্রতি বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর সিকদার আশরাফুর রহমান, এরফানুল হক এবং প্রথম সচিব শেখ সালেহ আহমেদ বক্তব্য রাখেন।



