বিশ্ববাংলা
আকায়েদ উল্লাহর মা ও বোনকে মুক্তি প্রদান

নিউইয়র্কে সন্ত্রাসী হামলার অভিযোগে সাজাপ্রাপ্ত আকায়েদ উল্লাহর মা ও বোনকে আটক করার দুইদিন পর মুক্তি দিয়েছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগ। স্থানীয় সময় শুক্রবার ডিটেনশন সেন্টার থেকে তাদের ছেড়ে দেয়া হয়।
গত ৬ নভেম্বর ফেডারেল প্লাজায় হাজিরা দিতে গেলে,অভিবাসন অনিয়মের কথা বলে, আকায়েদের মা ও বোনকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। সেখান থেকে তাঁদের এলিজাবেথ আটককেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এদিকে, মিথ্যা তথ্য দিয়ে অভিবাসী হওয়ার অভিযোগ এনে আকায়েদ উল্লাহর বড় ভাই আহসান উল্লাহর নাগরিকত্ব বাতিল করার পর, গত ২২ অক্টোবর ব্রুকলিন থেকে আটক করে, বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য হাডসন কারাগারে রাখা হয়েছে তাকে।
নিউইয়র্কে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে ২০১৭ সালে গ্রেপ্তার হন আকায়েদ উল্লাহ। এরপর থেকেই, আদালতে হাজিরাসহ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তার পরিবারের সদস্যরা।



