আলজেরিয়ায় দালালের প্রতারণার শিকার ২২ বাংলাদেশি

দালালের প্রতারণায় আলজেরিয়ায় আটকা পড়ে মানবেতর জীবন যাপন করছেন ২২ বাংলাদেশি। সম্প্রতি দেশে ফিরতে এক ভিডিওবার্তায় আকুল আবেদন জানিয়েছেন তারা।
ভিডিওবার্তায় তারা জানান, প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা বেতনের কথা বলে, আলজেরিয়ায় পাঠায় দালাল চক্র। কিন্তু দেশটিতে যাবার পর কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
আটকে পড়া প্রবাসী ও তাদের স্বজনরা জানিয়েছেন, উচ্চ বেতন, ভালো কাজ এবং সহজ পথে স্পেন প্রবেশের রঙ্গিন স্বপ্ন দেখিয়ে পাঠানো হচ্ছে বাংলাদেশি যুবকদের। স্বপ্ন দেখানোর জন্য নেয়া হচ্ছে নানা কৌশল, অফিসগুলোতে রাখা হয়েছে বিশ্ব মানচিত্র, দেখানো হচ্ছে আলজেরিয়া থেকে মরক্কো আর মরক্কো থেকে স্পেনের দূরত্ব।
অভিযোগ উঠেছে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর ছাড়পত্র নিয়েই, কর্মী প্রেরণ করছে কিছু রিক্রুটিং এজেন্সি। কিন্তু সেখানে গিয়ে তারা প্রতারিত হচ্ছেন।
এদিকে, আটকেপড়া পরিবারগুলোর আবেদনের প্রেক্ষিতে তাদের উদ্ধারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন জানিয়েছে ব্র্যাক।



