দেশবাংলা

‘জয়গুন মার্কেট’ এক নারীর আত্ম প্রতিষ্ঠার গল্প

পঞ্চগড়ের সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামের এক নারীর আত্ম প্রতিষ্ঠার গল্প থেকে একটি বাজারের নামকরণ করা হয়, জয়গুন মার্কেট।

অল্প বয়সে স্বামী পরিত্যক্তা এক নারীর দোকান থেকে এ মার্কেটের শুরু। কিন্তু ভাগ্যদোষে ব্যক্তি মালিকানা জমিতে দোকানটি থাকায় তাকে সেখান থেকে বের করে দেয়া হয়। তবু নামটা রয়ে গেছে তারই নামে, জয়গুন মার্কেট।

পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়নের খপড়াবান্দি চৌরাস্তায় অবস্থিত ছোট্টবাজার জয়গুন মার্কেট। স্বামী পরিত্যক্তা জয়গুন ২০০১ সালে মুড়ি, চিড়া, পান, বিস্কিট নিয়ে ছোট্ট দোকান শুরু করেন। পরে গড়ে তোলেন, চায়ের হোটেল।

তাকে দেখে চৌরাস্তায় বাড়তে থাকে দোকান। এভাবে স্থানটির নামকরন হয়ে যায়, জয়গুন মার্কেট নামে। এখন ছোট্ট এ বাজারে দোকানের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেলেও নেই জয়গুনের দোকান ও চায়ের হোটেল।

কিন্তু ব্যক্তি মালিকানায় থাকা দোকানটি দখল করে নেয় মালিকপক্ষ। তাতে থেমে যাননি জয়গুন। দিনমজুরি করে ১৩ শতক জমি কিনে বাড়ি করেছেন। প্রত্যন্ত অঞ্চলের এক নারীর আত্মপ্রতিষ্ঠার চিহ্ন হিসেবে জয়গুন মার্কেট ঠাঁই পেয়েছে, পুরুষ শাসিত সমাজে।

জীবন সংগ্রামের জন্য তাকে ২০১৩ সালে উপজেলা ও জেলা পর্যায়ে জয়ীতা হিসেবে সম্মাননা দেয়া হয়। তবে, তার দোকান করার সাধটি অপূর্ণই রয়ে গেছে।

এদিকে, ছোট্ট এ বাজারটি সম্প্রসারণসহ জয়গুনের জন্য ভাল কিছু করার আশ্বাস দিয়েছেন, পঞ্চগড় উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম।

এছাড়াও নারীর নামে মার্কেটের নাম হওয়ায় বার বার তা পরিবর্তনের চেষ্টা করে স্থানীয় বিভিন্ন  মহল। কিন্তু চারপাশে জয়গুন মার্কেট নামে বেশি পরিচিতি পাওয়ায় তাদের উদ্দেশ্য সফল হয়নি।

 ডিজার হোসেন, পঞ্চগড় প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button