বিশ্ববাংলা
মাদক পাচারের অভিযোগে পশ্চিমবঙ্গে বাংলাদেশি আটক

মাদক পাচারের অভিযোগে, আছাদুল নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। শনিবার বসিরহাটের সীমান্ত এলাকার ঢেমঢেমি গ্রাম থেকে দশ লিটার নিষিদ্ধ কোডিন মাদকসহ তাকে আটক করা হয়।
আছাদুল মন্ডলের বাড়ি, বাংলাদেশের সাতক্ষীরা জেলার মামুদপুর গ্রামে। তার বিরুদ্ধে বাংলাদেশে দুটি নাশকতা এবং দুটি মাদক পাচারের মামলা রয়েছে বলেও জানা গেছে।
বছর দেড়েক আগে আছাদুল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসে, সীমান্ত লাগোয়া আখারপুর গ্রামে শ্বশুর বাড়িতে এসে বসবাস শুরু করে। সেখান থেকেই সে স্থানীয় দুষ্কৃতিকারীদের নিয়ে মাদক পাচারের সিন্ডিকেট চালাত।
ইতোমধ্যে গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ সরকারকে অবহিত করা হয়েছে বলে জানানিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ।



