কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ

রাষ্ট্রবিরোধী ও ধর্মীয় উসকানিমূলক বক্তব্যের অভিযোগে কুমিল্লায় তিন বক্তার ওয়াজ নিষিদ্ধ করেছে কুমিল্লা জেলা প্রশাসন। তারা হলেন, মাওলানা তারেক মনোয়ার, মাওলানা আবদুর রাজ্জাক বিন ইউসুফ ও মাওলানা জসিম উদ্দিন।
এই তিন বক্তা ইসলামের ভুল ব্যাখ্যা উপস্থাপন করে শান্তিময় পরিবেশ নষ্ট করেন বলে তাদের বিরুদ্ধে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তাদের ওয়াজে ইসলামের আদর্শ ও দেশপ্রেমের চেয়ে উগ্রবাদ বেশি প্রকাশ পায় বলেও জেলা প্রশাসন জানিয়েছে।
এ প্রসঙ্গে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম বলেন, আমাদের দেশের মানুষ এখনো অত্যন্ত ধর্মপ্রাণ এবং সহজ-সরল। সেই সরলতার সুযোগ নিয়ে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কোনও কোনও বক্তা ইসলামের ভুল ব্যাখ্যা উপস্থাপন করে শান্তিময় পরিবেশ নষ্ট করেন বলে একাধিক অভিযোগ উঠায় জেলা প্রশাসন ওই তিন বক্তার ওয়াজ কুমিল্লায় নিষিদ্ধ ঘোষণা করেছে।
এর আগে, ২০১৬ সালের ৬ অক্টোবর মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের দেওয়া অভিযোগে একটি রেজুলেশন গঠন করা হয়।
পরবর্তীতে ২০১৮ সালের অক্টোবর মাসে ওই তিন বক্তার বিষয়ে আরও কিছু অভিযোগ উঠে আসে। সর্বশেষ চলতি বছরের অক্টোবর মাসে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় রাষ্ট্রবিরোধী ও ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাদের ওয়াজ কুমিল্লায় নিষিদ্ধ করা হয়েছে বলে জানালেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।



