দেশ ক্ষুধামুক্ত হয়েছে, এবার দারিদ্র্যমুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী

দেশ ক্ষুধামুক্ত হয়েছে, এবার দেশকে দারিদ্র্যমুক্ত করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ক্ষুদ্র ঋণ দিয়ে অনেকে বাহবা পেলেও ক্ষুদ্র ঋণ মূলত দারিদ্র্যকে লালন করে।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী পলী- কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ উন্নয়ন মেলা- ২০১৯ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই দারিদ্র্য বিমোচনে অবদান রাখায় মতিয়া চৌধুরীকে আজীবন সম্মাননা তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকারের সকল পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে টেকসই উন্নয়ন। ক্ষুদ্রঋণে দারিদ্র্য বিমোচন নয়, দারিদ্র্যকে লালন করে বলেও এসময় মন্তব্য করেন তিনি।
এ সময় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্ষুদ্র উদ্যোক্তাদের সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা দেয়ার আহ্বানও জানান শেখ হাসিনা।



