দেশবাংলা

ব্যবহারের অনুপযোগী উপ-পরিচালকের কার্যালয়

সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার পরও, কার্যক্রম চলছে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে। জরাজীর্ন অবকাঠামো ও নানা প্রতিকুলতার মধ্য দিয়ে  কর্মকর্তারা সেবা দিয়ে যাচ্ছেন জেলার কৃষক ও কৃষির সাথে সম্পৃক্তদের। দ্রুত এ সমস্যা সমাধান চান, তারা।

কৃষিতে কুমিল্লা বরাবরই এগিয়ে। এখানকার শাক-সবজি, ফল-মুল ও অন্যান্য শস্য জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। ফলে, এ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের গুরুত্ব অনেক বেশী। জেলার ১৭টি উপজেলার কৃষক, কৃষিকর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা প্রতিদিন এ কার্যালয়ে ভীড় করেন।

পাকিস্থান আমলে শাসনগাছা এলাকায় দেড় একর জমির ওপর, ৩টি টিনশেড বিল্ডিং ও ১টি প্রশিক্ষন কেন্দ্র নির্মিত হয়। এসব ভবনে প্রতিদিন ৩০জন কর্মকর্তা কর্মচারী কাজ করলেও, কার্যালয়ের অবকাঠামো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

জেলার প্রান্তীক এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে কৃষকরা প্রশিক্ষন নিতে আসেন এ কার্যালয়ে। ভবনের প্লাস্টার খুলে পড়ায় সামান্য বৃষ্টিতে ছাদ থেকে পানি পড়ে। ভবনগুলো সংস্কার করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার দাবি, সংস্লিষ্ট কর্মকর্তাদের।

লিখিতভাবে উর্দ্ধতন মহলে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে শীগগিরই ভবন সংস্কারের কাজ শুরু করা হবে, আশাবাদ জানালেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুরজীৎ চন্দ্র দত্ত।

কৃষি প্রধান দেশ বাংলাদেশ। কৃষিকে এগিয়ে নিতে কৃষির সাথে সম্পৃক্ত সকল কার্যালয়ের অবকাঠামোর উন্নয়নে সরকারের সু-দৃষ্টি চেয়েছেন সংশ্লিষ্টরা।

 আরিফুর রহমান, বাংলা টিভি, কুমিল্লা

সংশ্লিষ্ট খবর

Back to top button