নাগেশ্বরীতে ভাঙ্গা সেতুর কারণে দুর্ভোগে ৭০ হাজার মানুষ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঝাকুয়াবাড়ী ভাঙ্গা সেতুর কারণে, দুর্ভোগে রয়েছেন দুই ইউনিয়নের প্রায় ৭০ হাজার মানুষ। ৫ বছর আগে বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্থ হয়ে পড়লে, যানবাহন চলাচল ও পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়।
এ অবস্থায় সেতুর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কোন রকমে পায়ে হেঁটে চলাচল করছেন এলাকাবাসী। অথচ সেতুটি পুণনির্মাণে সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোন লাভ হয়নি বলে অভিযোগ, স্থানীয়দের।
৩০ বছর আগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দিগদাড়ী বিলের ওপর ঝাকুয়াবাড়ী সেতু নির্মাণ করা হয়। সেই থেকে এ সেতুর ওপর দিয়ে ভিতরবন্দ ও কালিগঞ্জ ইউনিয়নসহ পার্শ্ববর্তী ইউনিয়নের প্রায় ৭০ হাজার মানুষ যাতায়াত করে আসছিলো।
কিন্তু ৫ বছর আগে বন্যায় সেতুটি ব্যাপক ক্ষতি হলে যানবাহন তো দুরের কথা, এর ওপর দিয়ে পায়ে হেঁটে চলাই মুশকিল হয়ে পড়েছে। এ অবস্থায় স্থানীয়রা ঝুঁকি নিয়ে পায়ে হেটে চলাচল করলেও, বেশির ভাগ মানুষকে প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে জেলা সদরসহ বিভিন্নস্থানে।
এ এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করতে, সেতুটি নির্মাণের দাবি স্থানীয় জনপ্রতিনিধির।
ঝাকুয়াবাড়ী সেতুসহ বন্যায় ক্ষতিগ্রস্থ নাগেশ্বরী উপজেলার ৭টি ব্রিজের পুণনির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন, নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদশা আলমগীর।
দ্রুত ঝাকুয়াবাড়ী গ্রামের এ ব্রিজটি নির্মাণ করে মানুষের যোগযোগ ব্যবস্থা সহজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের।
ফয়সাল শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি



