‘পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ খতিয়ে দেখা হচ্ছে’

বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান, প্রধানমন্ত্রী।
শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন উদ্বোধনকালে এ কথা জানান তিনি। এ সময়, সারা জীবন দেশের জনগণের সেবায় নিয়োজিত থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন, সরকার প্রধান।
প্রধানমন্ত্রী তাঁর বক্তেব্যে দেশের উন্নয়নে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। অনিয়ম দুর্নীতি করে অর্থ উপার্জন না করতে সবাইকে পরামর্শও দেন শেখ হাসিনা। পেঁয়াজের বাজার দর ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিমানে করে পেঁয়াজ আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এখন পচা পেঁয়াজও শুকানোর চেষ্টা হচ্ছে। মানুষকে কষ্ট দেওয়াটা কেন? এভাবে কারা এর পিছনে আছে, সেটাও আমাদের দেখতে হবে। কারণ যতই আমরা এগিয়ে যাই, মানুষ যত ভাল থাকে, একটা না একটা ইস্যু তৈরি করার এবং মানুষের মাঝে বিভ্রান্তি করার চেষ্টা করা হয়।’
এর আগে, সকালে দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ দলীয় পতাকা উত্তোলন করেন।
পতাকা উত্তোলনের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। তবে ক্যাসিনো সংশ্লিষ্টতার অভিযোগে সংগঠনটির সভাপতি মোল্লা আবু কাউছার এবং সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে ছাড়াই অনুষ্ঠিত হয় সম্মেলন।
হাকিম মোড়ল, বাংলা টিভি, ঢাকা



