বিশ্ববাংলা

১৮ নভেম্বর স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আগামী ১৮ নভেম্বর স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দিন ধার্য করা হয়েছে। এ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কানাঘুষা চলছে- পকেট কমিটি ঘোষণা হবে, নাকি কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবে আগামীর নেতৃত্ব।

১৮ নভেম্বর স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে,‘আমরা আশাবাদী স্পেন আওয়ামী লীগের সম্মেলন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়’-এ স্লোগানকে সামনে রেখে, রাজধানী মাদ্রিদের মেহমান খানা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটির ১৭ জন সদস্য ও তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

স্পেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুলাল সাফার সভাপতিত্বে, সভাটি পরিচালনা করেন, যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রহমান। বক্তব্য রাখেন, জাকির হোসেন, আব্দুল কাদের ঢালী, আয়ূব আলী সোহাগ, সায়েম সরকার, তামিম চৌধুরী ও মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।

বক্তারা বলেন, আগামী ১৮ নভেম্বর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন যাতে দলের ত্যাগী ও সম্মেলনের সাথে যুক্ত নেতা-কর্মীদের নিয়ে হয় সে ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়াও দলে অনুপ্রবেশকারী, দলীয় শৃঙ্খলা বিরোধী ও যাদের দলের দুর্দিনে কখনও দেখা যায়নি তারাই সম্মেলনের সাথে যুক্ত হওয়ায়, উদ্বেগ প্রকাশ করেন।

এসময়, জসিম উদ্দিন মাস্টার, রফিক খান, রাসেল দেওয়ান, ইফতেখার আলম, আব্দুর রহমান, নূর মোহাম্মদ রিপন ও আব্দুল কাইয়ূমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

১৮ নভেম্বর আগামীর নেতৃত্ব পকেট কমিটি, নাকি কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবে। এরই অপেক্ষায়, স্পেন তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button