সিলেটের চন্দরপুর সড়কের বেহাল দশা

সিলেটের গ্রামীণ জনপদের পাকা সড়কগুলো ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিন্তু মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে। শুকনো দিনেও রাস্তায় জমে থাকে কাদাপানি। স্থানীয় জনপ্রতিনিধিরাও এ বিষয়ে নজর দিচ্ছেন না। শিগগিরই ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
সিলেটের গোলাপগঞ্জের চন্দরপুর সড়ক। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত। হেলেদুলে যাচ্ছে গাড়ি। আরেকটু ভেতরে বসন্তপুর সড়ক। গ্রামের মাঝখান দিয়ে যাওয়া এই সড়কে লোকজন সিলেট-বিয়ানিবাজারে যাতায়াত করেন। কিন্তু এই গ্রামীণ রাস্তারও বেহাল চিত্র।
বসন্তপুর সড়কের কালিজুড়ী এলাকার সুইস গেটের ওপর দিয়ে যাওয়া ভাঙা রাস্তাটি কেটে ফেলা হয়েছে। স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে এই সড়কটি কাটা হয়েছে বলে জানালেন, এলাকার লোকজন।
তবে বুধবারি বাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল জানালেন, রাস্তাটি সাময়িক সমস্যার কারণে কাটা হয়েছে। শিগগিরই রাস্তাটি মেরামত করে দিবেন।
শীত মৌসুমে চন্দরপুল সড়ক, বসন্তপুর সড়ক ও দক্ষিণ সুরমার লালাবাজার-জালালপুর সড়কের সংস্কার কাজ শুরু করা হবে বলে জানালেন, সিলেট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এস এম মহসীন।
গ্রামকে শহরে রূপান্তর করতে চায় সরকার। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধির গাফিলতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে গুরুত্বপূর্ণ এই রাস্তাগুলো এখন পুকুরে পরিণত হয়েছে। স্থানীয় সরকার এ বিষয়ে গুরুত্ব দিবে-এমন প্রত্যশা ভুক্তভোগী মানুষের।
কাইয়ুম উল্লাস, সিলেট প্রতিনিধি



