কুয়েত ও সৌদিতে বাংলাদেশিদের পিএসসি পরীক্ষা

দেশের সাথে মিল রেখে, সৌদি আরবে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ জেদ্দা কেন্দ্রে প্রাইমারী স্কুল সাটিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জেদ্দা কনস্যুলেটের তত্বাবধানে স্থানীয় সময় সকাল ৭টা ৩০মিনিটে পরীক্ষা শুরু হয়। এ বছর অংশগ্রহণ করেছে মোট ১৩৩ জন ছাত্রছাত্রী। এদের মধ্যে ৭১ জন ছাত্র এবং ৬২ জন ছাত্রী রয়েছে।
বিদ্যালয়ের বাহিরে পরিদর্শক হিসেবে ছিলেন, জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব (শিক্ষা ও শ্রম) কাজী কে এম সালাহউদ্দিন ও কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামদুর রহমান।
অন্যদিকে, বাংলাদেশের সঙ্গে মিল রেখে কুয়েতেও প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় দেশটির মিসিলায় বাংলাদেশ দূতাবাসের হলরুমে প্রথম দিনের ইংরেজী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারে কুয়েতে মোট ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৬ জন ছেলে ও ৮ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর, পাসপোর্ট ও ভিসা সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম খাঁন, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম ও রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জিহোন ইসলাম।



