ভেনিসে বন্যায় ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা

জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ইতালির পর্যটন নগরী ভেনিস। কয়েকদিন ধরে, দিনে দু’বার করে, জোয়ার-ভাটা অব্যাহত থাকায়, স্থানীয় নাগরিকসহ বিভিন্ন দেশের অভিবাসীরা দুর্ভোগ ও অস্বস্তির মধ্যে রয়েছেন।
এদিকে, পানিতে মালামাল তলিয়ে যাওয়ার পাশাপাশি পর্যটক শূন্য হওয়ায়, চরম ক্ষতির মুখে পড়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।
পৃথিবীর অন্যতম পর্যটন শহর ইতালির ভেনিস। সমুদ্রের পানিতে ভাসমান নয়নাভিরাম সৌন্দর্য দেখতে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপীপাসুরা ভীড় জমান এই নগরীতে।
সম্প্রতি ঝড়বৃষ্টিসহ অধিক জোয়ারের পানি প্রবেশের ফলে পুরো শহরটি প্লাবিত হয়েছে। পানির উচ্চতার কারণে যানবাহন চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। তবে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভেনিসের সৌন্দর্যের প্রতীক সেন্ট মার্ক স্কয়ার।
কয়েকদিন ধরে, দিনে দু’বার করে, জোয়ার-ভাটা অব্যাহত থাকায়, স্থানীয় নাগরিকসহ বিভিন্ন দেশের অভিবাসীরা দুর্ভোগ ও অস্বস্তির মধ্যে পড়েছন।
জানা যায়, বিগত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কারনে স্থানীয় মেয়র শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বন্ধ করে দেয়া হয়েছে, স্কুল,কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পানিতে মালামাল তলিয়ে যাওয়ার পাশাপাশি পর্যটক শূন্য হওয়ায়, চরম ক্ষতির মুখে পড়েছেন বলে জানান বাংলাদেশি ব্যবসায়ীরা। এদিকে, দুর্যোগ কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।
মেসবাহ উদ্দিন, ভেনিস প্রতিনিধি



