নওগাঁয় চিকন চালের দাম বৃদ্ধি পেয়েছে

নওগাঁয় জিরাশাইল ও ২৮ জাতের চিকন চালের দাম প্রতি কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে। আর বস্তা প্রতি বেড়েছে ১শ থেকে ২শ টাকা পর্যন্ত। এ দুই জাতের ধান বছরে একবার বোরো মৌসুমে উৎপাদন হয়। ফলে, বর্তমান বাজারে এর আমদানী কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।
আগামীতে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় বিক্রেতারা। চালকল মালিকরা বলছেন, ধানের দামের সাথে চালের বাজার সামঞ্জস্য না থাকায় লোকসান গুনতে হতো তাদের।
নওগাঁয় বছরে ১৬ লাখ মেট্রিক টন খাদ্য উৎপাদন হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। জেলায় ৯শ ৫৭টি চালকল রয়েছে। এর মধ্যে ৫২টি অটো রাইস এবং বাঁকিগুলো হাসকিং মিল।
বোরো মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ১০ হাজার হেক্টর জমিতে চিকন জাতের ধানের আবাদ হয়ে থাকে। এ ধানের ওপর নির্ভর করে সারাবছর চাল বাজারে সরবরাহ হয়। তবে, বাজারে মোটা জাতের চালের সাথে চিকন চালের দামের তারতম্য সামান্য থাকায়, খাদ্য অভ্যাসকে পরিবর্তন করে মানুষ চিকন চালকে বেশি প্রাধান্য দিয়েছে।
গত সপ্তাহে চিকন চালের দাম ৩৬ টাকা হলেও, এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। এছাড়া অন্যান্য চালের দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে, গত এক সপ্তাহে প্রতিবস্তা চাল ১ হাজার ৮ শ টাকা থেকে বেড়ে, ২ হাজার এবং ২ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, বোরো মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ৯১ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছিল।
আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি



