বিশ্ববাংলা

কুয়েতে শুরু হয়েছে বাংলাদেশ স্টুডেন্টস ফুটবল টুর্নামেন্ট

সুস্থ আজকের প্রজন্ম, সুন্দর আগামীর ভবিষ্যৎ, এই প্রতিপাদ্যে, প্রতিবছরের মতো এবারও কুয়েতে শুরু হয়েছে বাংলাদেশ স্টুডেন্টস্‌ ফুটবল টুর্নামেন্ট ২০১৯। গত শুক্রবার দেশটির দাসমা আবুল হাসান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান। টুর্নামেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে, স্যাটেলাইট টেলিভিশন বাংলাটিভি।

বাংলাদেশ ক্রীড়া অঙ্গন কুয়েতের উদ্যোগে, বাংলাদেশী স্টুডেন্টস্ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। টুর্ণামেন্টটির উদ্বোধন করেন, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান।

টুর্নামেন্ট আয়োজকদের প্রশংসা করে, এসময় কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, আগামীর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এ ধরনের আয়োজন যত বেশি হবে, ততই সুস্থ-সুন্দর জাতি গঠনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ।

আয়োজক কমিটির প্রধান রফিকুল ইসলাম ভুলু বলেন, খেলাধুলায় ব্যস্ত থাকলে প্রবাসে অনেক অনৈতিক, অসামাজিক ও অবৈধ কাজ থেকে নিজেকে দূরে রাখা সম্ভব।তাই এ ধরনের আয়োজনকে আরো বেগবান করতে প্রবাসী পরিবারগুলোর উপস্থিতি কামনা করেন তিনি।

প্রবাসী বাংলাদেশি ছাত্রদের ৬টি টিম অংশ নেয়। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ইয়াং ব্যাচ ক্লাব বনাম জিলিব স্পোটিং ক্লাব ও বাংলাদেশ স্পোটিং ক্লাব বনাম ইউনাইটেড স্পোটিং ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, জোহেন ইসলাম, আয়োজক কমিটির প্রধান রফিকুল ইসলাম ভুলু, মোহাম্মদ আলী হাজি, মিস্টার নুর মুজিব, নাসির উদ্দিন খোকন, আব্দুল কাদের মোল্লা, নিজামুর টিপু, সাংবাদিক সাদেক রিপন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আ হ জুবেদসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button