
অবশেষে কার্যকর হলো নতুন সড়ক পরিবহন আইন। কার্যকরের প্রস্তুতি নেয়ার পরও দু’দফায় পিছিয়ে অবশেষে ১৮ নভেম্বর থেকে আইনের প্রয়োগ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে নতুন এ আইন সম্পর্কে মানুষ আসলেই কতটা জানে? এর প্রয়োগ সড়কে কতটা শৃঙ্খলা ফিরবে ?
সংসদে পাস হওয়ার এক বছরের বেশি সময় পর গত ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করা হলেও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তা দুই সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।
অবশেষে গতকাল সোমবার থেকে আইনটির প্রয়োগ শুরু হয়। তবে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেল, সবকিছুই চলছে আগের মতো, রাস্তা পারাপার, যাত্রী ওঠানামা চলছে যত্রতত্র। কঠোর একটা আইন হয়েছে, এটুকুই ছাড়া আর কিছুই জানে না সাধারণ মানুষ।
সড়কে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন এ আইন কে সাধুবাদ জানিয়েছেন সবাই। অবশ্য কেউ কেউ বলছেন, নতুন আইনে জরিমানা ও শাস্তির পরিমাণ অনেক বেশি।
এদিকে, মামলা দায়েরের সফটওয়্যার হালনাগাদ না হওয়ায় এখনো নিয়ম অমান্যের জন্য কাউকে মামলা বা জরিমানা করেনি আইন শৃঙ্খলা বাহিনী। আইনের প্রয়োগের ক্ষেত্রে শিথিলতা না দেখালে আর পাশাপাশি জনসচেতনতা বাড়লে এ আইন সুফল দেবে এমনটাই ধারণা সচেতন মহল।
আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা



