দেশবাংলা

দিনাজপুরে ধানে ব্লাস্ট, হতাশায় চাষিরা

দেশের অন্যতম খাদ্য ভান্ডার খ্যাত জেলা দিনাজপুর। দেশের সিংহ ভাগ ধান উৎপাদন হয় এ জেলা থেকে। তবে এবার রোপা আমন ধানে ব্লাস্ট রোগের আক্রমন ভয়াবহ হওয়ায়, দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ঘন ঘন কিটনাশক ব্যবহার করেও মুক্তি মিলছে না।

তাদের অভিযোগ এ ব্যাপারে কৃষি অফিসের কোন সহযোগিতা পাচ্ছেন না তারা। পাশাপাশি ধানের বাজারমূল্য কম ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায়, হতাশ হয়ে পড়েছেন চাষিরা।

চিকন ও সুগন্ধি ধানের জন্য বিখ্যাত দিনাজপুর জেলা। এ চালের সুনাম দেশ ছাড়িয়ে এখন বিদেশেও। জেলার চিরিরবন্দর উপজেলায় সবচেয়ে বেশি এ ধানের আবাদ হয়ে থাকে। উপজেলায় আমন মৌসুমে প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়।

এর মধ্যে প্রায় অর্ধেক পরিমান চাষ হয় চিকন ও সুগন্ধি ধান। এবার আমন ধানের ভালো ফলন হলেও, ব্লাস্টের আক্রমনে দিশেহারা কৃষকরা। কৃষকদের অভিযোগ মাঠ পর্যায়ে কৃষি অফিসের পরামর্শ পাওয়া যায়না। দোকান থেকে বিভিন্ন কিটনাশক কিনে স্প্রে করেও কোন কাজ হচ্ছেনা। 

ব্লাস্টের আক্রমনের কথা স্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চিকন ও সুগন্ধি ধান ব্রী, ধান-৩৪ জাতে এ রোগের আক্রমন বেশি হয়। তাই কৃষকদের বিকল্প জাতের ধানে উৎসাহসহ পরামর্শ দেয়া হচ্ছে।

জেলার ১৩টি উপজেলায় আমন ধানের চাষ হয় ২লাখ ৫৭ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে প্রায় ১লক্ষ হেক্টর জমিতে চিকন ও সুগন্ধি জাতের ধানের আবাদ হয়ে থাকে।

মঞ্জুর আলী শাহ, দিনাজপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button