
ট্রাক-কার্ভাড ভ্যান শ্রমিকরা ঘোষণা দিয়ে কর্মবিরতিতে গেলেও অঘোষিতভাবে চলছে পরিবহন শ্রমিকদের ধর্মঘট। তাই সমস্যা সমাধানে সন্ধ্যায় (বুধবার) সারাদেশের মালিক-শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে চলা পরিবহন ধর্মঘট তৃতীয় দিনে এসে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিস্তৃত হয়েছে। অঘোষিত এ ধর্মঘটে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা।
এদিকে ৯ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘট আহ্বানকারীদের দাবি, সড়ক পরিবহন আইন স্থগিত করে মালিক-শ্রমিকদের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জরিমানা বিধান ও দণ্ড উল্লেখ করতে হবে।
দুর্ঘটনায় চালক আসামি হলে তা অবশ্যই জামিনযোগ্য ধারায় হতে হবে। প্রকৃত দোষী শনাক্তে মালিক শ্রমিক প্রতিনিধিদের সংযুক্ত করে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। মামলায় গাড়ি মালিককে হয়রানি করা যাবে না।
শ্রমিক নেতারা জানান, আইন সংশোধন না করলে শ্রমিকরা অন্য পেশায় যাবে, তবু এ আইনের অধীনে গাড়ি চালাবে না।
নূর, বাংলা টিভি



