মালয়েশিয়ায় দুই বাংলাদেশি নারীকে গ্রেফতার

মালয়েশিয়ায় মামুন নামে এক প্রবাসী খুনের ঘটনার রহস্য উটঘাটন করতে, জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তারা হলেন, ইয়াসমিন ও আলেয়া। তবে তাদের বাড়ি কোথায় তা জানায়নি পুলিশ।
এর আগে, হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম নামে আরো এক বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শীগগিরই মামুন হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন হবে বলে আশা করেছেন তদন্তকারী কর্মকর্তা।
গত ১৫ নভেম্বর দেশটির ক্লাং মেরু এলাকায়, মামুনের ব্যবসা প্রতিষ্ঠানে, ৪-৫ জন দুর্বৃত্ত প্রবেশ করে। এরপর দোকানের শার্টার বন্ধ করে মামুনকে গলাকেটে হত্যার পর পালিয়ে যায় তারা।
আব্দুল্লাহ আল-মামুন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপির রামনগর গ্রামের মুনসুর আলীর ছেলে। মামুনের মরদেহ ক্লাং হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত শেষে মামুনের লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



