অপপ্রচারে কান না দিয়ে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

গুজব ছড়িয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী। তাই অপপ্রচারে কান না দিয়ে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। তাই প্রতিবছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে প্রথমে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে ফুল দিয়ে ৭১ এ শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। তিন বাহিনীর একটি চৌকস দল এসময় গার্ড অব অনার দেয়। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন অনুযায়ী দেশের প্রতিটির মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার।এসময় কোনো অপপ্রচারে কান না দিতে সবাইকে আহ্বান জানান প্রধানমন্ত্রী।মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান তিনি।
বাংলাটিভি/শহীদ



