পাট নিয়ে নতুন রেজুলেশন গ্রহণ করলো জাতিসংঘ

‘প্রাকৃতিক তন্তু উদ্ভিজ্জ ও টেকসই উন্নয়ন’ শিরোনামে পাটসহ প্রাকৃতিক তন্তু ব্যবহার বিষয়ক একটি নতুন রেজুলেশন গ্রহণ করেছে জাতিসংঘ। সংস্থাটির চলতি ৭৪তম সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটিতে বৃহস্পতিবার এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এর ফলে দেশের সোনালী আঁশ হিসেবে পরিচিত পাটের ঐতিহ্য পুনরুদ্ধারের পাশাপাশি চাষীদের ন্যায্যমূল্য নিশ্চিতের পথ সুগম হবে বলে আশা করছে বাংলাদেশ।
জাতিসংঘের চলতি অধিবেশনের দ্বিতীয় কমিটিতে বৃহস্পতিবার নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে সর্বসম্মতিক্রমে ‘প্রাকৃতিক তন্তু উদ্ভিজ্জ ও টেকসই উন্নয়ন’ শিরোনামে পাটসহ প্রাকৃতিক তন্তু ব্যবহার বিষয়ক একটি নতুন রেজুলেশন গৃহীত হয়।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জানান, প্রাকৃতিক তন্তুসমূহ- বিশেষ করে, বাংলাদেশের পাট ও পাটজাত দ্রব্যগুলোর অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উপকারিতা আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরে জাতিসংঘে রেজুলেশনটি উত্থাপন ও গ্রহণের ক্ষেত্রে নেতৃত্ব দিল বাংলাদেশ।
পরে রেজুলেশনটি গ্রহণের ফলে বাংলাদেশ কীভাবে উপকৃত হবে, তা জাতিসংঘ সদর দপ্তরের সামনে সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।
এর আগে গেলো সেপ্টেম্বরে রেজুলেশনটি দ্বিতীয় কমিটিতে উত্থাপন করে বাংলাদেশ। দীর্ঘ প্রায় ৩ মাসের সমঝোতায় পক্ষ-বিপক্ষের মতামত বিবেচনায় নিয়ে বাংলাদেশ সব সদস্য রাষ্ট্রগুলোকে এ রেজুলেশন গ্রহণের পক্ষে আনতে সক্ষম হয়।
আসাদ রিয়েল, বাংলা টিভি



