প্রবাসীর স্ত্রী শ্বশুরের ধর্ষণে অন্তঃসত্ত্বা

ফেনীর সোনাগাজীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ আনা হয়েছে আপন চাচাশ্বশুর শফি উল্যাহর বিরুদ্ধে। এ ঘটনায় ২২ নভেম্বর ওই গৃহবধূ নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ধর্ষণের শিকার ওই গৃহবধূ ও অভিযুক্ত শফি উল্যাহ একই বাড়ির বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়েছে, গত দুই বছর আগে গৃহবধূর স্বামী প্রবাসে চলে যান। এরপর থেকেই অভিযুক্ত শফি উল্যাহ তাকে উত্যক্ত করতে থাকেন। গৃহবধু বিষয়টি তার শ্বশুর-শাশুড়ি ও প্রবাসে স্বামীকে জানায়।
গত ১৮ জুন দুপুরে শফি উল্যাহ তাকে জোরপূবক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর কয়েকদিন আগে গৃহবধূ অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকের কাছে গেলে তিনি পাঁচ মাসের অন্তসত্ত্বা বলে জানতে পারেন। ঘটনা জানাজানির পর থেকে অভিযুক্ত শফি উল্যাহ পলাতক রয়েছেন।
ধর্ষণের শিকার গৃহবধূর শারীরিক পরীক্ষার জন্য শনিবার ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে ফেনীর বিচারিক হাকিমের আদালতে হাজির করার কথা রয়েছে।



