মৌলভীবাজারে আমন ধানের ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে মৌলভীবাজারে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। টানা তিন দিনের অতিবৃষ্টি ও ঝড়ে কয়েক হাজার হেক্টর জমির কাঁচা-পাকা ধান নষ্ট হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা। আবার ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।
মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি আমন মৌসুমে, জেলায় ১ লাখ ১শ ৫০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। আর ফলনও হয়েছে খুব ভাল। তবে, ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডবে জেলায় এ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলার ৭টি উপজেলার কৃষকদের মধ্যে প্রান্তিক চাষিরা বিভিন্ন এনজিও ও দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে চাষাবাদ করেছেন। আর ফসল নষ্ট হওয়ার ফলে,বড় ধরনের লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে কৃষকদের যে ব্যাপক ক্ষতি হয়েছে, সরকারের একটু সহযোগিতা পেলে তা পুষিয়ে নেয়া সম্ভব বলেও মনে করছেন চাষিরা।
আলী হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি



