
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া উচ্চ বিদ্যালয় পিএসসি পরীক্ষা কেন্দ্রে নকলেই যেন একমাত্র ভরসা। অভিভাবক ও শিক্ষকরা ভালো রেজাল্টের আশায় পরীক্ষা কেন্দ্রে নিজেরাই নকল সরবরাহ করছেন বলে সচেতন মহলের দাবি।
এতে কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া থেকে পিছিয়ে যাচ্ছে। আগামীতে লেখাপড়ার মান আরো কমে গিয়ে নকলের প্রবণতা বেড়ে যাবে বলেও মন্তব্য করেছেন অনেকেই। এক স্কুলশিক্ষক জানান, সরকারকে ভালো রেজাল্ট উপহার দিয়ে শিক্ষার মান বৃদ্ধি দেখাতেই নকলের প্রবণতা বেড়ে গেছে।
২৪ নভেম্বার, রবিবার সারাদেশের মতো গাইবান্ধাতেও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া উচ্চ বিদ্যালয় পিএসসি পরীক্ষা কেন্দ্রে দেখা গেছে, পরীক্ষার্থীদের নকল সরবরাহ করতে শতশত অভিভাবক কেন্দ্রের আশে পাশে ঘুরাফেরা করছেন।
অধিকাংশ পরীক্ষার্থী প্রকাশ্যে নকল করলেও কেন্দ্র ইনচার্জের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুন অর রশিদ কোনো পদক্ষেপ নেয়নি। কেন্দ্রের দায়িত্বে থাকা পরিদর্শক শিক্ষকরা যেন নির্বাক। কেউ কোনো প্রতিবাদ তো দূরের কথা পারলে নকল করার সহায়তা করছেন। তারাও নকলের চিরকুট হাতে ধরে দিচ্ছেন।
এবিষয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে থাকা শিক্ষক আতিয়ার রহমান জানান, নকল প্রতিরোধে আমরা চেষ্টা করছি। কিন্তু অভিভাবকরাই জোর করে নকল দিচ্ছে।



