
বায়ু দূষণ রোধে ১৫ দিনের মধ্যে ঢাকা ও এর আশপাশের অবৈধ ইটভাটা বন্ধ করতে এবং সড়কে পানি ছিটানোসহ ৫ দফা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ জন্য প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনারও নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া বায়ু দূষণ প্রতিরোধে একটি উচ্চ পর্যায়ের আন্তঃবিভাগীয় কমিটি গঠন করতেও নির্দেশ দেয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ছয় ধরনের পদার্থ এবং গ্যাসের কারণে ঢাকায় দূষণের মাত্রা বেড়ে গেছে। এরমধ্যে ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণার কারণেই ঢাকায় দূষণ অতিমাত্রায় বেড়ে গিয়েছিল। বায়ু দূষণের সূচকে ঢাকার সূচক ৫০ হলে তা দূষণের পর্যায়ে পড়ে না।
কিন্তু রোববার দূষণের দিক দিয়ে দিল্লিকেও ছাড়িয়ে যায় ঢাকা, এদিন সূচক ছিল ২০০ থেকে ৩০০। সোমবার সন্ধ্যায় সূচক ছিল ১৩৮।



