
শনিবার (৩০ নভেম্বর) ভোর থেকে বরিশাল নদীবন্দর থেকে কোনো গন্তব্যে ছেড়ে যায়নি স্থানীয় রুটের যাত্রীবাহী নৌযান। রাজধানীতে সদরঘাট লঞ্চ টার্মিনালে পন্টুনে কোনও নৌযান দেখা যায়নি।
শুক্রবার রাতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লঞ্চ ও জাহাজ যাত্রী নামিয়ে দিয়ে মাঝ নদীতে গিয়ে অবস্থান করছে। নদীবন্দরে এসেও যেতে পারেননি যাত্রীরা।
বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা বাস্তবায়নের দাবিতে শুক্রবার রাত ১২টা থেকে ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন নৌপথের যাত্রীরা।
নৌ-পথে সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধ, নৌ-শ্রমিকদের খাদ্য ভাতা প্রদান, সরকার ঘোষিত গেজেট মোতাবেক বেতন প্রদান, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদান, নৌ-শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও মৃত্যুকালীন ভাতা ১০ লাখ টাকা নির্ধারনসহ ১১ দফা দাবিতে এ আন্দোলন করছেন নৌ-শ্রমিকরা।
এদিকে দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শ্রমিকরা।
নূর, বাংলা টিভি



