আইন-বিচারবাংলাদেশ

৩ জনের যাবজ্জীবন, ২ জন খালাস

রাজীব ও দিয়া হত্যা মামলায়

রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজীব ও দিয়ার বাসচাপায় মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া দুইজনকে খালাস দেওয়া হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন, দুই চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং পলাতক হেলপার কাজী আসাদ। জাবালে নূর পরিবহনের মালিক জাহাঙ্গীর আলম ও অন্য হেলাপার এনায়েত হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৫শে অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ আসামিদের অব্যাহতির আবেদন না মঞ্জুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন। ৩৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৯শে জুলাই দুপুরে চালক ও তাদের সহকারীরা বেশি লোক ওঠানোর লোভে যাত্রীদের কথা না শুনে এবং তাদের নিরাপত্তার কথা চিন্তা না করে জিল্লুর রহমান উড়াল সড়কের ঢালের সামনে রাস্তা ব্লক করে দাঁড়ায়।

এ সময় আরেকটি বাসের চালক মাসুম বিল্লাহ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৪-১৫ শিক্ষার্থীর ওপর গাড়িয়ে উঠিয়ে দেন। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬) নিহত এবং নয়জন আহত হয়।

পরে ঘটনার দিনই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button