নতুন পদ্ধতিতে শ্রমিক নিয়োগ দেবে মালয়েশিয়া

দালালের দৌরাত্ম কমাতে ২০২০ সালের জানুয়ারী থেকে ইলেক্ট্রনিক টেম্পোরারি ওয়ার্ক পারমিট নামে নতুন পদ্ধতিতে শ্রমিক নিয়োগ দেবে মালয়েশিয়া সরকার। গত সোমবার ইমিগ্রেশন দিবস অনুষ্ঠানে ই-পিএলকেএস জেআইএম উদ্বোধনের পর সাংবাদিকদের একথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।
মন্ত্রী জানান, যেসব নিয়োগকারী ভিজিটর পাস (অস্থায়ী কর্মসংস্থান) এর জন্য আবেদন করেছেন তাদের সহায়তা করার জন্যই এই ব্যবস্থা। শ্রমিক নিয়োগে নতুন পদ্ধতি, নিয়োগকারীদের আবেদন প্রক্রিয়াকে সহজ করবে। এর ফলে কোনো মধ্যস্থতাকারী বা দালালের প্রয়োজন হবে না।
মহিউদ্দিন আরও জানান, যেসব নিয়োগকর্তা এই টেম্পোরারি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন তাদের কেবলমাত্র পিএলকেএস আবেদনের নির্ধারিত বিধি মোতাবেক প্রযোজ্য ফি এবং ভিসার জন্য অর্থ দিতে হবে।
তবে, নিয়োগকর্তারা যদি ইপিএলকেএস জেআইএম ব্যবহার করতে চান বা ভেন্ডর ব্যবহার করতে চান, সেটা বাছাই করার সুযোগ থাকবে।



