বিশ্ববাংলা
চোরাচালানের অভিযোগে তিন বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে তামাক চোরাচালানিতে জড়িত অভিযোগে, তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় সময় বৃহষ্পতিবার ভোরে প্রিন্স জর্জের কাউন্টি এবং বাল্টিমোর সিটির একাধিক স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মেহবুব চৌধুরী, মঞ্জুরুল ইসলাম ও আবদুল করিম।
জানা যায়, বছরব্যাপী অনুসন্ধান ও তদন্তের পর মেরিল্যান্ডের বাল্টিমোর নর্থ ইস্ট পুলিশ, এফবিআই ও এটিএফসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে, ওই তিন বাংলাদেশিকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে, প্রায় ৫ লাখ ডলারের তামাক ও সিগারেট উদ্ধার করা হয়। এই চোরাচালানিকে ইতিহাসের সর্ববৃহৎ বলে জানিয়েছেন, মেরিল্যান্ড তামাক নিয়ন্ত্রক কর্মকর্তা পিটার ফ্রাঙ্ক।



