
মানবাধিকার কর্মী নূর খান বলেছেন, ‘রাষ্ট্রের কাছে নাগরিকরা নিরাপদ থাকার কথা৷ কিন্তু সেই রাষ্ট্রীয় বাহিনীর কাছেই যখন নাগরিকরা নিরাপদ থাকে না, তখন সেটা অনেক বেশি ভয়ের ব্যাপার। আর সে কারণেই রাষ্ট্রীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে উদ্বেগ।’
রাষ্ট্রীয় বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং তার পরিসংখ্যান প্রসঙ্গে ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাধারণ অপরাধের তুলনায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা কম নয়। আর যারা নাগরিকদের রক্ষা করবে, তারাই এসব ঘটনায় জড়িয়ে পড়ছে৷ রাষ্ট্র দীঘদিন ধরে নীরব ভূমিকা পালন করছে৷ তদন্তের জন্য স্বাধীন কমিশন করছে না৷ ফলে এটা অনেক বেশি ভয় আর আতঙ্ক তৈরি করছে৷
এই মানবাধিকার কর্মী আরো বলেন, তারা অপরাধী হোক বা না হোক, কোনো তথ্যের ভিত্তিতে যদি তাদের আটক বা অভিযান চালানো হয়, তাহলে প্রিকশান নেয়া হয় না কেন?
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এখন নানা নামে হচ্ছে৷ কখনো বন্দুকযুদ্ধ, কখনো এনকাউন্টার বা অন্য কোনো নাম দেয়া হয়৷



