
প্রথম ধাপে প্রকাশ করা হয়েছে ১০ হাজার সাত’শ উননব্বই রাজাকারের নাম। আগামী ২৬ মার্চে প্রকাশ করা হবে দ্বিতীয় তালিকা। গেল মে মাসে রাজাকারদের তালিকা পাঠাতে সব জেলা প্রশাসককে চিঠি পাঠায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
প্রত্যাশিত সাড়া না মেলায় ফের চিঠি পাঠানো হয় আগস্টে। তারপরও বেশিরভাগ জেলার তালিকা এখনও পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে দুই-এক বছরের মধ্যে রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।
তিনি আরও বলেন, এই তালিকা নতুন করে নয়, ১৯৭১ সালের রাজাকারদের নামের তালিকাই প্রকাশ করা হয়েছে। প্রকাশ অর্থ সরকারের হেফাজতে যে সমস্ত দলিলের মাধ্যমে প্রমাণ পাওয়া যাবে, শুধু তাই প্রকাশ করা হবে।
এদিকে, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পর্যায়ক্রমে আল বদর, আল শামস, শান্তি কমিটির সদস্যদের নাম প্রকাশেরও দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ গবেষকরা।



