ধোয়া-মোছা ও রং তুলির কাজ শেষ, নিরাপত্তা জোরদার

কাল মহান বিজয় দিবস। এ দিবসের সূচনা লগ্নে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধের বেদী ভরে উঠবে ফুলে ফুলে। শ্রদ্ধা জানাবেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও বিএনপি মহাসচিবসহ লাখো মানুষ।
এদিকে, শেষ হয়েছে ধোয়া মোছা ও রং তুলির কাজও। স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্ত ব্যবস্থা।
আগামীকাল ১৬ ডিসেম্বর। ৪৮ তম মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধের লাখো শহীদদের প্রতি।
এ ছাড়াও মন্ত্রীবর্গ, রাজনৈতিক নেতা, কুটনৈতিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ লাখো জনতা তাদের হৃদয়ের ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ঢেকে দেবেন স্মৃতিসৌধের বেদী। এর মধ্যে শেষ হয়েছে ধোয়া মোছা ও রংতুলির কাজ আর নতুনরুপে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকাকে।
এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা বসানোসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ইতিমধ্যেই দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এবারের বিজয় দিবসে সকলে দ্বীপ্ত সপথে বলিয়ান হোক, যেন শহীদের রক্ত বৃথা না যায়। ডিজিটাল বাংলাদেশ গড়ার এমনটিই প্রত্যাশা সকলের।
আলমগীর হোসেন, আশুলিয়া প্রতিনিধি



