টাঙ্গাইলে ফুলকপির আবাদে লাভবান কৃষকরা

চলতি মৌসুমে টাঙ্গাইলে ফুলকপির আবাদ করে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকরা। জেলার ১২টি উপজেলায় আবাদ হয়েছে এ শীতকালীন সবজি। আর স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
অন্যান্য বছরের তুলনায় এবার বাজারে ফুলকপি কম উঠেছে। ফলে, সবধরণের সবজির দামই বেশি। এতে খুশি প্রান্তিক চাষিরা।
চলতি মৌসুমে টাঙ্গাইল জেলায় সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে ফুলকপির আবাদ হয়েছে প্রায় এক হাজার হেক্টর জমিতে।
জেলার চরাঞ্চল ছাড়াও এবার বাসাইলের বিভিন্ন এলাকায় আবাদ হচ্ছে এ সবজি। ধানের আবাদে ক্ষতিগ্রস্থ হলেও, ফুলকপি আবাদ করে পুষিয়ে নিচ্ছেন তারা। আর বাজারে ভালো দামও পাচ্ছেন চাষিরা। তবে রাস্তাঘাট ভালো না থাকায় সবজি বাজারজাত করণে তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।
বাসাইল উপজেলা কৃষি বিভাগ বলছে, ফুলকপিসহ সব ধরণের সবজি আবাদে কৃষকদের প্রযুক্তিগত নানা সহায়তা দেয়া হচ্ছে। তবে ভোক্তারা বলছেন, সবার আগে দরকার নিরাপদ খাদ্য। বিষমুক্ত সবজি আবাদে উৎসাহ প্রদান করতে হবে কৃষকদের।
মো: রুবেল মিয়া, বাসাইল ও সখীপুর প্রতিনিধি



