বিজয় উৎসবের পূর্ণতা নেই উর্দুভাষীদের শহর সৈয়দপুরে

১৯৭১ সালের ২৩ মার্চ সৈয়দপুরে অবাঙালিদের হাতে প্রাণ দিয়েছিলেন শহীদ মাহাতাব বেগ। তার ছিন্ন মস্তক নিয়ে ফুটবল খেলেছিল অবাঙালিরা। দেশ বিজয়ের ৪৯ বছরে পা দিলেও বিজয় দিবসের উৎসবের পূর্ণতা নেই উত্তরের এই ছোট্ট শহর সৈয়দপুরে।
দেশ ভাগের পর রেলওয়ে কারখানায় চাকরির আশায় সৈয়দপুরে এসে আশ্রয় নিয়েছিল উপমহাদেশের উর্দুভাষীরা। একাত্তরে তাদের দখলদারিত্ব আর সংখ্যাগরিষ্ঠের জোরে নিপীড়নের বিরুদ্ধে শেষ লড়াই হয়েছিল এখানে। কিন্তু বিজয়ের এতগুলো বছর পরও এলাকার বেহাল দশা কাটেনি।
উর্দুভাষী স্থানীয় ছোট একটি শিশু এক প্রশ্নের উত্তরে জানায়, ‘আমার সোনার বাংলা বলতে লজ্জা করে।’ বিজয়ের ৪৮ বছর পরেও সোনার বাংলা ভালো না লাগার এমন অনুভূতি নিয়ে প্রজন্মের পর প্রজন্ম বেড়ে ওঠছে এই শহরে। কারণ এখানে এখনো সবকিছুতেই প্রাধান্য অবাঙালিদের।
মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ আর গৌরবের ইতিহাস গড়েও নিজেদের জয়ী ভাবতে পারছেন না উর্দুভাষীদের শহর সৈয়দপুরের বাঙালিরা। এ জন্য ভোটের রাজনীতিকে দায়ী করছেন স্থানীয় মুক্তিযোদ্ধা, শহীদের সন্তান ও অন্যরা।
এ প্রসঙ্গে সৈয়দপুর পৌরসভার আওয়ামী লীগ দলীয় সাবেক মেয়র আখতার হোসেন বাদল বলেন, ‘আমরা সবাই এখানে মিলেমিশে বসবাস করছি দীর্ঘদিন ধরে। একটা সখ্যতা গড়ে উঠেছে।’



