প্রবাসে নারী কর্মী সুরক্ষায় নতুন উদ্যোগ

সৌদি আরবে নারী কর্মী সুরক্ষায় নতুন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এছাড়া দেশটির সঙ্গে নতুন চুক্তি অনুসারে নির্যাতনের জন্য দায়ী গৃহকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আগামীকাল বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটি উৎযাপন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে, মালয়েশিয়ার রাজনৈতিক কারণেই বাংলাদেশ শ্রমবাজার চালু হচ্ছে না বলে মন্তব্য করেন মন্ত্রী। তবে শিগগীরই মালেশিয়ার পাশাপাশি বেশ কয়েকটি দেশে শ্রম শক্তি রপ্তানির কথা রয়েছে বলে জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
চলতি বছরের শেষ দিকে ২১ বিলিয়ন ডলার প্রবাসীদের জন্য আয় হয়েছে উল্লেখ করে বলেন, প্রবাসী শ্রমিক ভাই-বোনের শ্রমে প্রবাসী আয় ২২ শতাংশ বেড়েছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। বিদেশে নতুন শ্রম বাজার খোঁজা হচ্ছে। জাপান, কম্বোডিয়া, রোমানিয়া, উগান্ডা ও ভিয়েতনামে শ্রমিক পাঠানো শুরু হয়েছে।
তিনি বলেন, দক্ষ শ্রমিক তৈরি করতে ১০০টি ক্যাম্প করা হবে। অনেক উপজেলায় বিদেশে যাওয়ার লোক কম। তাই প্রতি উপজেলা থেকে এক হাজার কর্মী পাঠানোর একটি চিন্তা ভাবনা করা হচ্ছে। মালয়েশিয়ায় জনশক্তি রফতানিতে সমস্যাটা তাদের অভ্যন্তরীণ। যখন তারা বলবে, তখনই আমরা লোক পাঠাতে পারব।
এদিকে, যে সকল প্রবাসী দেশে ফিরছেন তাদের নগদ অর্থ প্রদানের পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এছাড়া দক্ষ জনশক্তি নির্মাণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী ইমরান আহমদ।
আরমান কায়সার, বাংলা টিভি



