
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন ঘিরে সারাদেশে চলছে নানা জল্পনা-কল্পনা। এর নেতৃত্ব নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। তবে আগামী সম্মেলনে নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠিত হবে বলে, জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
তিন বছর পর অনুষ্ঠেয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে সারাদেশের নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কারা আসছেন আগামীর নেতৃত্বে, এ নিয়েও চলছে জল্পনা-কল্পনা। সম্মেলন ঘিরে এরই মধ্যে সেজে উঠছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে টিকিয়ে রাখবে এমন নেতৃত্বই আসবে বলে জানালেন, দলটির কেন্দ্রীয় নেতারা।
দুঃসময়ের ত্যাগী নেতা এবং ওয়ান ইলেভেনের পরীক্ষিত তরুণরাই কমিটিতে অগ্রাধিকার পাচ্ছেন বলেও জানান, তারা।
আগামীতে যারাই আওয়ামী লীগের হাল ধরবেন, তারা অবশ্যই দেশকে সঠিক পথে পরিচালনা করবেন, এমনটাও প্রত্যাশা দলটির এই বর্ষীয়ান নেতাদের।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



