
বুধবার শুরু হচ্ছে দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। যার শুরুটা হবে ৩১তম ফেডারেশন কাপ দিয়ে। উদ্ধোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর মুখোমুখি হবে নবাগত দল বাংলাদেশ পুলিশ এফসি। সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
কোনো চাপ নয়, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সেরাটা দিয়ে খেলা প্রত্যয়ের কথা শোনালেন পুলিশ ফুটবল ক্লাবের কোচ ও ম্যানেজার। আর আকাশি হলুদ জার্সিধারীদের চাওয়া, জয় দিয়ে আসর শুরু করা।
ঢাকা আবাহনী, নামের পাশে যাদের ১১টা ফেডারেশেন কাপের শিরোপা জয়ের রেকর্ড। অভিজ্ঞতার পাশাপাশি দলে রয়েছে জাতীয় দলের তারকা, মামুনুল-সাদরাও। আর সেই সঙ্গে রয়েছে, পর্তুগীজ স্টাইল মারিও লামোসের দীক্ষা।
ঘরের ছেলে হয়ে যাওয়া নাইজেরিয়ার সানডে চিজোবার পাশাপাশি ফরেন রিক্রুট, ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাইলসন আলভেস, কিরগিজস্তানের মিডফিল্ডার এডগার বার্নারসহ হাইতির বেলফোর্ট ও মিশরের আলাদিন নাসরকে নিয়ে সেরা দল এবার তারা। তাই জয় দিয়ে শুরুটা রাঙ্গাতে প্রস্তুত আবাহনী।
অন্যদিকে, একেবারে নতুন দল বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ইনজুরিতে আক্রান্ত হলেও মানসিকতায় বেশ শক্তিশালী তারা। দলে থাকা পাঁচ বিদেশির মধ্যে দুইজন তাজিকিস্তানের মিডফিল্ডার। এ ছাড়াও লোকাল বয়দের নিয়ে অ্যাটাকিং ফুটবলের দারুণ কম্বিনেশন তাদের। লক্ষ্য একটাই, ভালো মানের ফুটবল খেলা, ফলাফল যাইহোক।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



