খেলাধুলাক্রিকেট

১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক:  এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাট হাতে বড় সংগ্রহ গড়তে না পারার পর বোলিংয়েও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি তারা। ফলে ৭ উইকেটের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

বাংলাদেশের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২১.৫ ওভারেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। দলটির ব্যাটারদের সামনে কার্যত অসহায় ছিলেন বাংলাদেশের বোলাররা।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ২৩ রান যোগ করার পর ১১ রান করে আউট হন সিনেথ জয়াসুরিয়া। এরপর লাসিথ ক্রসপুলে ২৭ বলে ২৯ রান করে দলকে এগিয়ে নেন।

তিন নম্বরে ব্যাট করতে নেমে দুর্দান্ত ফিফটি তুলে নেন নিশান মাদুশকা। অন্যদিকে অধিনায়ক প্রবণ রথনায়েকে ৩৬ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস খেলেন। তাঁদের ব্যাটিংয়েই সহজ জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে রকিবুল হাসান, সামিউন বসির ও আফিফ হোসেন একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টসের পর ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। ওপেনিংয়ে সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন ৫৫ রানের জুটি গড়েন। ইমন ২৯ বলে ৩২ এবং সাইফ ৩৬ বলে ২৮ রান করেন। শাহাদাত হোসেন দিপু যোগ করেন ১৩ রান।

তবে শ্রীলঙ্কার স্পিনাররা আক্রমণে আসার পরই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামে। আফিফ হোসেন কোনো রান না করেই সাজঘরে ফেরেন। সাব্বির রহমানের ব্যাট থেকে আসে মাত্র ৩ রান।

মিডল অর্ডারে ইফতেখার হোসেন ইফতি ৭৫ বলে ৩১ রান করে দলের ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করেন। শেষ দিকে রিজওয়ান ১৫ এবং সামিউল বাসির ১০ রান করেন। তবে অন্যদের ব্যর্থতায় ৪২.৫ ওভারেই ১৪৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে রবিন্দু ফার্নান্দো ছিলেন সবচেয়ে সফল। তিনি একাই তুলে নেন ৪টি উইকেট। ওয়ানুজা সাহান ৩টি এবং বিজয়কান্ত ভিয়াসকান্ত ২টি উইকেট শিকার করেন।

সব মিলিয়ে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই পিছিয়ে থেকে ম্যাচটি হারল বাংলাদেশ ‘এ’ দল।

সংশ্লিষ্ট খবর

Back to top button