
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। একই সঙ্গে ওই তালিকা স্থগিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন গোলাম আরিফ টিপু।
ট্রাইব্যুনাল থেকে যারা সাজা পেয়েছেন তাদের তালিকা, বীরাঙ্গনাদের তালিকা মন্ত্রণালয়ে আছে কিনা, সে প্রশ্নও রাখেন তিনি। একই সঙ্গে বলেন, যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারলে সরে যাওয়া উচিত।
এদিকে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্বাধীনতাবিরোধী আছে কিনা সেটি খোঁজার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম। তিনি বলেন, দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা খুশি। মুক্তিযুদ্ধের চেতনা আরও গভীরভাবে ধারণ করতে হবে। মন্ত্রণালয়ে স্বাধীনতাবিরোধীরা আছে কিনা তা খুঁজে বের করার আহ্বান জানান তিনি।
এ ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হলে মঙ্গলবার এক অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ভুলের পরিমাণ বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার করা হবে। আর ভুলের পরিমাণ কম হলে ভুলবশত যাদের নাম এ তালিকায় এসেছে, সেগুলো প্রত্যাহার করা হবে। এরপর বুধবার বিতর্কের মুখে ওই তালিকা স্থগিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।



