
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেছেন, হঠাৎ করেই দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। আর সে কারণেই এতো ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদফতার সূত্রে জানা গেছে , আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দেশের সবচেয়ে কম তাপমাত্রা চুয়াডাঙ্গায়। ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে চারপাশ ঢেকে আছে কুয়াশায়।
এদিকে, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে রীতিমতো বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে শিশির। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশের আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না। এই ঠাণ্ডা, কুয়াশা আর শীত আরও দুইদিন থাকবে। রোববার থেকে সূর্যি মামার হাত ছানিতে ঠাণ্ডা কিছুটা কমে আসতে পারে।



