
আজ (শুক্রবার) মুক্তি পেয়েছে কণ্ঠ শিল্পী আসিফ আকবর অভিনীত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’।
সাদাত হোসাইনের পরিচালনায় বাংলাঢোল প্রযোজিত এই মিউজিক্যাল ফিল্ম মুক্তি উপলক্ষে রাজধানীর বলাকা সিনেমা হলে অনুষ্ঠিত হলো এর প্রিমিয়ার শো। দুই দশকের ক্যারিয়ারে এবারই প্রথম নায়ক হিসাবে পর্দায় এসেছেন শিল্পী আসিফ আকবর।
ছবিতে অভিনয় করেছে তানজিকা আমিন, বিশিষ্ট অভিনেতা সৈয়দ হাসান ইমামসহ আরও অনেকে। দেশীয় চলচ্চিত্রের এমন সংকটময় মুহুর্তে গহীনের গান ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন, পরিচালক ও কলা-কৌশলীরা।
এ বিষয়ে আসিফ আকবর বলেন, শুক্রবার সকাল ১০টায় বলাকা সিনেমা হল। দুপুর ৩টায় শ্যামলী সিনেমা হলে। আর সন্ধ্যা ৬টায় যাব মধুমিতা সিনেমা হলে। শনিবার সকালে যাব ব্লকবাস্টার যমুনায়। এদিন দুপুর ৩টায় যাব টঙ্গী, গাজীপুর চম্পাকলি হলে। সন্ধ্যায় যাব সাভার চন্দ্রিমা হলে।
অভিষেক চলচ্চিত্র নিয়ে আসিফ আকবর আরও বলেন, বাংলাঢোলের আন্তরিক প্রচেষ্টায় চলচ্চিত্রে অভিনয় করেছি। এটি গড়পড়তা কোনো সিনেমা নয়। আমার বিশ্বাস, এটি সবার মন ছুঁয়ে যাবে।



